ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে গাজীপুর প্রশাসনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের পক্ষ থেকে পাঠানো একটি বার্তা গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে পৌঁছে দেওয়া হয়।
এদিন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহা. জামাল উদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের সঙ্গে সাক্ষাৎ করে ওই বার্তা হস্তান্তর করেন।
এ সময় মহানগর জামায়াতের নায়েবে আমির মো. খায়রুল হাসান, সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক, সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা এবং অফিস সেক্রেটারি আবু সিনা নূরুল ইসলাম মামুনসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।অন্যদিকে, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে পাঠানো একই বার্তা গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া এবং পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের কাছেও পৌঁছে দেওয়া হয়। এ সময় গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলমসহ জেলা ও মহানগর জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।
জামায়াতের পক্ষ থেকে দেওয়া বার্তায় বলা হয়, আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হচ্ছে। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের চলাচল নির্বিঘ্ন রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এ সময় জামায়াত নেতারা বলেন, লংমার্চকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য প্রশাসন ও আয়োজকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন।




