ঠাকুরগাঁও-১ আসনের ভোটকেন্দ্রে জামায়াত নেতাকে ৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে লিফলেট বিতরণের অভিযোগে জামায়াতের এক ওয়ার্ড নেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকার জেপি স্কুল ভোটকেন্দ্রে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ও অনুসন্ধান বিচারিক কমিটির বিচারক এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফসানা রীমা।

জরিমানাপ্রাপ্ত আবদুল করিম সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকে প্রচার-প্রচারণা নিষিদ্ধ থাকলেও ওই কেন্দ্রে জামায়াত প্রার্থী দেলওয়ার হোসেনের পক্ষে লিফলেট বিতরণ করা হচ্ছিল। এ সময় প্রার্থীর বুথের এজেন্টের কার্যালয় থেকেও লিফলেট বিতরণের অভিযোগ পাওয়া যায়। অভিযানকালে বিপুল পরিমাণ লিফলেট জব্দ করা হয়।

পরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে আবদুল করিমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এলাকা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top