ঝালকাঠির নলছিটিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ মাদকবিরোধী অভিযানে আপন রহমান সজীব (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর ডোপ টেস্টে তার শরীরে অবৈধ মাদকজাতীয় উপাদান ‘Cannabinoids (ICT)’ পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, ডিবির অফিসার ইনচার্জের নেতৃত্বে জিডি নং-৪০, তারিখ ৪ নভেম্বর ২০২৬-এর ভিত্তিতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৬টার দিকে নলছিটি উপজেলার বহরামপুর এলাকায় মোঃ আলতাফ হোসেন হাওলাদারের দোকানের পূর্ব পাশে ইটের রাস্তার ওপর এ অভিযান চালানো হয়।
অভিযানে মাদকজাতীয় দ্রব্য সেবনরত অবস্থায় হাতেনাতে মোঃ আপন রহমান সজীবকে গ্রেফতার করা হয়। তিনি নলছিটি উপজেলার ভৈরবপাশা এলাকার মৃত শামসুল হকের ছেলে।
অভিযানে এসআই (নিঃ) মোঃ মোস্তফা কামালের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অংশ নেয়। পরবর্তীতে গ্রেফতার ব্যক্তির ডোপ টেস্ট করা হলে তার শরীরে Cannabinoids (ICT) পজিটিভ শনাক্ত হয়।
এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ মোস্তফা কামাল বাদী হয়ে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় নলছিটি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদক নির্মূল ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




