বদরখালী কলোনীজেশন উচ্চবিদ্যালয় মাঠের অতিরিক্ত ঘাস পরিষ্কার ও মাঠটি খেলাধুলার উপযোগী রাখতে মেশিনটি ব্যবহার করা হবে। এর ফলে স্থানীয় ফুটবল খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনের সুযোগ আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলেন, একটি ভালো মাঠ খেলোয়াড় তৈরির অন্যতম প্রধান শর্ত। মাঠের ঘাস ও আগাছা নিয়মিত পরিষ্কার রাখা গেলে খেলোয়াড়েরা স্বাচ্ছন্দ্যে অনুশীলন করতে পারবেন। বিশেষ করে তরুণ খেলোয়াড়দের নিয়মিত চর্চার সুযোগ তৈরি হলে ভবিষ্যতে বদরখালী থেকে আরও ভালো মানের ফুটবলার উঠে আসার সম্ভাবনা রয়েছে।
ঘাস কাটার মেশিন হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মাতামুহুরি উপজেলার বদরখালীর প্রবীণ ফুটবলার আলেক, মালেক ও সালাহউদ্দিনসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও ফুটবলসংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রবীণ ফুটবল খেলোয়াড়েরা বলেন, একসময় বদরখালীতে ফুটবলের প্রতি মানুষের ব্যাপক আগ্রহ ছিল। মাঠের সুযোগ-সুবিধা বাড়ানো গেলে নতুন প্রজন্ম আবারও ফুটবলের প্রতি আগ্রহী হবে। নিয়মিত অনুশীলনের পাশাপাশি খেলোয়াড়দের প্রশিক্ষণ ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি করা প্রয়োজন।
‘বদরখালী ফুটবল একাডেমি’র সংশ্লিষ্টরা জানান, স্থানীয় মানুষের সহযোগিতা ও ভালোবাসায় পাওয়া ঘাস কাটার মেশিনটি মাঠ পরিচর্যার কাজে নিয়মিত ব্যবহার করা হবে। মাঠটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও খেলাধুলার উপযোগী রাখার পাশাপাশি ভবিষ্যতে ফুটবল খেলোয়াড়দের প্রশিক্ষণ ও উন্নয়নে আরও উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
ক্রীড়াপ্রেমীদের এমন উদ্যোগকে স্থানীয়ভাবে ইতিবাচক হিসেবে দেখছেন খেলোয়াড় ও অভিভাবকেরা। তাঁদের প্রত্যাশা, বদরখালী কলোনীজেশন উচ্চবিদ্যালয় মাঠটি নিয়মিত পরিচর্যার মাধ্যমে একটি প্রাণবন্ত ফুটবলচর্চার কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং এখান থেকেই ভবিষ্যতে দক্ষ ফুটবলার তৈরি হবে।




