১৪ বছরের সাজা এড়াতে ২০ বছর আত্মগোপনে, অবশেষে গ্রেপ্তার হুমায়ূন কবির

১৪ বছরের কারাদণ্ড এড়াতে টানা ২০ বছর ধরে আত্মগোপনে ছিলেন মো. হুমায়ূন কবির (৫২)। স্থান বদলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এত দিন পালিয়ে থাকলেও শেষ রক্ষা হয়নি তাঁর। গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর পরশুরাম উপজেলার টেটেশ্বর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করেছে নাঙ্গলকোট থানা-পুলিশ।

গতকাল শনিবার রাত ১০টার দিকে পরশুরাম থানা-পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার (২৫ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

হুমায়ূন কবির কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বড়া ফুলগাঁও গ্রামের প্রয়াত আনু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, হুমায়ূন কবিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দণ্ডবিধির ৩০৭ ও ৩২৬ ধারায় করা দুটি মামলায় তিনি ১৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত। সাজা থেকে বাঁচতে প্রায় দুই দশক ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি।

নাঙ্গলকোট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেনের নেতৃত্বে পরশুরাম থানা-পুলিশের সহযোগিতায় টেটেশ্বর বাজারে অভিযান চালানো হয়। এ সময় হুমায়ূন কবিরকে গ্রেপ্তার করে নাঙ্গলকোট থানায় নিয়ে আসা হয়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, হুমায়ূন কবির দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁকে গ্রেপ্তারের পর রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top