স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে কোটি টাকার জমি দখলের অভিযোগ

জামালপুর সদরের নরুন্দি বাজারের আড়াই কোটি টাকা দামের পাঁচটি জমিসহ দোকান দখলের অভিযোগ উঠেছে এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী জমি ও দোকান মালিক মোহাম্মদ লোকমান হোসেন লায়েক ও মোয়াজ্জেম হোসেন জামালপুর সদর উপজেলা পূর্ব শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিক ইবনে আশরাফের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার নরুন্দি বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মোয়াজ্জেম হোসেনের ছেলে আজিজুল ইসলাম প্রীতম বলেন, নরুন্দি মৌজার বিআরএস দাগ ১৬৩ তে ৬০ বছর আগে মোয়াজ্জেম হোসেনের পিতা আমার দাদা আব্দুল আজিজ এই জমি ১৯৪৮ সালে  কিনে সেখানে ব্যবসা চালিয়ে আসছিল। পৈতৃক সম্পত্তি হিসেবে আমার বাবা ওই জমির মালিক হয়েছে। হঠাৎ করেই দলীয় পদের প্রভাবে আতিক এই জমি দখল করে দোকান নির্মাণের চেষ্টা করে যাচ্ছে।
লোকমান হোসেন লায়েক বলেন, আমাদের দুজনের সোয়া দুই শতাংশ জমি, আগে দোকান ছিল। সেই দোকান ভেঙে নতুন করে ভবন নির্মাণ করার সিদ্ধান্ত নিলে ওই ফাঁকে জমি দখলে নেয় আতিক।
২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে এই জমি দখলের চেষ্টা করে আসছে। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে সে এই জমিটি দখল করে নেয়।
এই জমির বর্তমান বাজারমূল্য আড়াই কোটি টাকা বলে জানান তিনি। লায়েক বলেন, আমার দাদা নিয়ামতউল্লাহ মুন্সী ১৯২৯ সালে কিনে ৯৮ বছর ধরে আমাদের দখলে রেখেছে, আমরা এখানে ব্যবসা করে আসছি।
তিনি বলেন  আমার মামা মোয়াজ্জেম হোসেন ৪৮ বছর ধরে সোয়া এক শতাংশের মালিক।
বাবা মোয়াজ্জেম হোসেনের পক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রীতম। তিনি এ বিষয়ে প্রশাসন এবং আদালতের কাছে ন্যায় বিচার চান। লোকমান হোসেন লায়েকও দ্রুত সময়ের মধ্যে জমি দখলমুক্ত করতে প্রশাসন এবং আদালতের সুদৃষ্টি কামনা করেন।
এ বিষয়ে জানতে চাইলে জামালপুর সদর উপজেলা পূর্ব শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিক ইবনে আশরাফ বলেন, ওই জমি আমাদের। তারা ভাড়াটিয়া, কৌশলে ভাড়াটিয়া বিদায় করে জমিতে কাজ করছি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top