জয়পুরহাটের কালাইয়ে দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজারভার-এর উপজেলা প্রতিনিধি মো. তৌহিদুল ইসলাম তালুকদার লায়নের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কালাই উপজেলা ভূমি অফিসের সামনে ও উপজেলা পরিষদের ১ নম্বর গেটসংলগ্ন জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাশে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।
অভিযোগ রয়েছে, রোববার বিকেলে কালাই উপজেলা ভূমি অফিস-সংলগ্ন এলাকায় স্থানীয় আইনজীবী ডলারের নেতৃত্বে মুরাদ নামের এক ব্যক্তি সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযুক্ত মুরাদ কালাই পৌর এলাকার নুহু তালুকদারের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি ও জয়পুরহাট প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. আতাউর রহমান। দৈনিক ইনকিলাব-এর কালাই উপজেলা প্রতিনিধি আব্দুল বাতেনের সঞ্চালনায় বক্তব্য দেন দৈনিক সমকালের জেলা প্রতিনিধি শাহারুল আলম, ভোরের দর্পণের জেলা প্রতিনিধি ও জয়পুরহাট প্রেসক্লাবের সহসভাপতি কাজী তানভীরুল ইসলাম রিগ্যান, দৈনিক নিরপেক্ষ ও যুগান্তরের জেলা প্রতিনিধি এটিএম সেলিম সরোয়ার শিপন, দৈনিক বাংলাদেশ বুলেটিন-এর জয়পুরহাট প্রতিনিধি মতলুব হোসেন, দৈনিক দিনকালের সাংবাদিক এম এ করিম, ভুক্তভোগী সাংবাদিকের চাচা আমানুর রহমান তালুকদার, ভাই আতিকুর রহমান তালুকদার এবং সুশীল সমাজের মধ্যে কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, নাফসি,রাসেল তালুকদার।
এ সময় দৈনিক কালের কণ্ঠের কালাই উপজেলা প্রতিনিধি সউদ তালুকদার, নয়াদিগন্তের মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, দৈনিক বাংলার জয়পুরহাট প্রতিনিধি রাব্বিউল ইসলাম, দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি রনি আকন্দ, দৈনিক গণমানুষের আওয়াজ এর প্রতিনিধি তারিকুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে সাংবাদিকদের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়বে। তাঁরা হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।




