মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপের সার্বিক উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেছেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশা। সন্দ্বীপের গুরুত্বপূর্ণ কিছু সমস্যা ও জরুরি উন্নয়ন চাহিদা তুলে ধরে সম্প্রতি তিনি প্রধানমন্ত্রীর বরাবরে একাধিক ডিও (Demands Official) লেটার দিয়েছেন।
সংসদ সদস্যের পাঠানো ডিও লেটারগুলোতে সন্দ্বীপবাসীর জীবনযাত্রার মানোন্নয়ন ও যোগাযোগের ক্ষেত্রে বেশ কয়েকটি যুগান্তকারী প্রকল্পের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো হলো:
উড়ির চর রক্ষা: জরুরি ভিত্তিতে উড়ির চরের দক্ষিণাংশে নদীভাঙন রোধে স্থায়ী প্রকল্প বাস্তবায়ন ও এর জন্য দ্রুত বরাদ্দ প্রদান।
মেরিন ড্রাইভ সড়ক: পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ।
বিদ্যুতায়ন প্রকল্প: সন্দ্বীপের শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুতায়ন নিশ্চিত করতে ২০০ কোটি টাকা ব্যয়ে ‘সন্দ্বীপ বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প’ গ্রহণ। এর আওতায় নতুন সাবস্টেশন, নতুন বিতরণ লাইন ও সোলার লাইন স্থাপন এবং বিদ্যমান এনাম নাহার সাবস্টেশনের সক্ষমতা বৃদ্ধির প্রস্তাব রয়েছে।
সড়ক প্রশস্তকরণ: সন্দ্বীপবাসীর যাতায়াত ও পণ্য পরিবহনের সুবিধার্থে কুমিরা–সন্দ্বীপ জেলা মহাসড়ক (জেড-১০২৫)-এর অবশিষ্ট ৮.৫০ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও সংস্কার।
এছাড়া সন্দ্বীপের বিভিন্ন এলাকায় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও ঈদগাহ উন্নয়নে ৪০ লাখ টাকা বরাদ্দ, গুরুত্বপূর্ণ স্থানে সোলার স্ট্রিট লাইট স্থাপন এবং অন্যান্য সামাজিক অবকাঠামো উন্নয়নের পৃথক প্রস্তাব দেওয়া হয়েছে।
ডিও লেটারগুলোতে এমপি মোস্তফা কামাল পাশা উল্লেখ করেন, সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও মৌলিক চাহিদাগুলো পূরণ করতে যোগাযোগ ব্যবস্থার সহজীকরণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং নদীভাঙন রোধ অত্যন্ত জরুরি। সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের এই প্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী প্রস্তাবিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করবেন বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।




