লক্ষ্মীপুরে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ইমারত নির্মাণের অভিযোগ

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মাসুদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি দলীয় প্রভাব খাটিয়ে এ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।
রবিবার (১১ অক্টোবর, ২০২৬) সরেজমিনে ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ি উত্তর বাজার প্রধান সড়কের পূর্ব পাশে, ৫ নং ওয়ার্ডের পশ্চিম চরমনসা গ্রামের শাহজাহান ড্রাইভারের বাড়ির সামনে এ নির্মাণ কাজ চলতে দেখা যায়।
অভিযুক্ত মাসুদ ৯ নং ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ি বাজার সংলগ্ন এলাকার সাত্তার মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বিএনপির নাম ভাঙিয়ে এবং ভবানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে দলীয় প্রভাব খাটিয়ে সরকারি জমিতে ভবন নির্মাণ করছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন খালের পাড় ও জলাধারের জায়গা দখল করে নিয়ম বহির্ভূতভাবে স্থাপনা তোলা হচ্ছে। এতে ওই এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, বিষয়টি মৌখিকভাবে ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে অভিযুক্ত মাসুদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা নাহিদুজ্জামান বলেন, বিষয়টি আমরা শুনেছি। সরেজমিনে তদন্ত করে জমি দখলের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি জমি অবৈধভাবে দখলের কোনো সুযোগ নেই।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top