বরিশাল মহানগরের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
গতকাল মঙ্গলবার, ২০ অক্টোবর, রাতব্যাপী তিনি মহানগরের কাউনিয়া, নতুন বাজার, হাসপাতাল রোড, কালিবাড়ি রোড, সদর রোড, ফলপট্টি ও কাঠপট্টি এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন।
শুভেচ্ছা বিনিময়কালে অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, একটি বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে, যেখানে সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত থাকবে।
তিনি দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সতর্ক থাকার নির্দেশনা দেন। একই সঙ্গে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
পরিদর্শনকালে বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।