জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ৭টায় জয়পুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাহেবপাড়া মোড়ে জয়পুরহাট শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করা হয়।
অভিযানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার আমির মো. ফজলুর রহমান সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, জয়পুরহাট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জয়পুরহাট পৌরসভার মেয়র প্রার্থী মুহা. হাসিবুল আলম। এছাড়া জেলা ও শহর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
অভিযানে ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আশপাশ ও জনসাধারণের চলাচলের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
আয়োজকরা বলেন, শুধু কোনো নির্দিষ্ট কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রত্যেককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। সম্মিলিত সচেতনতাই পারে ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখতে।
সুস্থ ও ডেঙ্গুমুক্ত সমাজ গড়তে পরিচ্ছন্নতা ও সচেতনতার কোনো বিকল্প নেই—এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top