একটি ভাঙা সেতু আর হাজারো মানুষের নিত্যদিনের ভোগান্তি। বছরের পর বছর পেরিয়ে গেলেও মেলেনি সমাধান, মিলেছে কেবলই আশ্বাস। বরগুনার আমতলীর গুলিশাখালী ইউনিয়নের মধ্য ডালাচাড়া গ্রামের আলী কাজী বাড়ির সামনের ব্রিজটি এখন দুই গ্রামবাসীর জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত ৫ থেকে ৬ বছর আগে একটি ট্রাক্টর ওঠার পর ব্রিজটির মাঝখানের অংশ মারাত্মকভাবে ডেবে যায়। এরপর থেকে আজ পর্যন্ত সেতুটি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অথচ এই একটিমাত্র ভাঙা ব্রিজ দিয়েই প্রতিদিন দুই গ্রামের সাধারণ মানুষ, স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী এবং ব্যবসায়ীসহ শত শত পথচারী বাজারে যাতায়াত করেন।
সরেজমিনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় এক চরম ক্ষোভের কথা। গ্রামবাসীরা জানান, যখনই নির্বাচন আসে, তখনই স্থানীয় জনপ্রতিনিধি এবং নেতারা এসে ব্রিজটি দ্রুত ঠিক করে দেওয়ার বড় বড় প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই তাদের আর কোনো খোঁজ থাকে না। প্রতিশ্রুতির ফুলঝুরি যে শুধুই ভোটের রাজনীতি, তা আজ স্পষ্ট এই অবহেলিত জনপদের মানুষের কাছে।
ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে কোমলমতি শিশুরা। দ্রুত এই জনগুরুত্বপূর্ণ ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী।




