কটিয়াদীতে মেলায় গাঁজা সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

কিশোরগঞ্জের কটিয়াদীতে মনা পাগলা মাজার মেলায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের অভিযোগে চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে দুজনকে ৪৫ দিন করে এবং অন্য দুজনকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যেককে ৩০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কটিয়াদী পৌরসভার দড়ি চরিয়াকোনা এলাকায় মাজারকেন্দ্রিক মেলায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নরসিংদীর বেলাব উপজেলার জংগা গ্রামের আবুল বাশার (৭২), সাদু মিয়া (৬৭), একই উপজেলার জংগা কারার বাড়ির সরাজ মিয়া (৫০) এবং কটিয়াদী উপজেলার মুমুরদিয়া গ্রামের নূরু মিয়া (৪৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আবুল বাশার ও নূরু মিয়াকে ৪৫ দিন করে এবং সাদু মিয়া ও সরাজ মিয়াকে ৩০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৩০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মেলায় অভিযান চালানো হয়। এ সময় গাঁজাসহ চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের সাজা দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা বলেন, মেলার সুযোগ নিয়ে কিংবা অন্য কোনোভাবে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের সুযোগ দেওয়া হবে না। জনস্বার্থ রক্ষা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top