ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চর হোসেনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনের দিকনির্দেশনায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে মোহাম্মদ ইয়াসিনকে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, মো. শাকিলকে দুই মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, মোহাম্মদ মাহবুবুরকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, মোহাম্মদ ফয়সালকে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা এবং মো. মনিরকে দুই মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন,
“মাদকের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন,
“মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান কঠোর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইন অনুযায়ী মোবাইল কোর্ট ও প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।”
থানা পুলিশ জানিয়েছে, ঈশ্বরগঞ্জ উপজেলায় মাদক, জুয়া ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।




