অধিনায়কত্ব ছাড়তে চান জ্যোতি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছাড়ার জন্য বিসিবিকে মেইল দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। আসন্ন এশিয়ান গেমসের পর এই ফরম্যাটে আর অধিনায়কত্ব করতে চান না তিনি। নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু এটি নিশ্চিত করেছেন।
বাবু বলেন, ‘আমি এখনো মেইল দেখিনি। আমাদের উইমেন্সের ম্যানেজার জানালো, ওর (জ্যোতি) মেইলে এমন কিছু আছে। এই মূহূর্তে এর বেশি কিছু বলা ঠিক হবে না। আমাকে দেখতে হবে।’
২০২২ সাল থেকে টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করছিলেন জ্যোতি। বাংলাদেশের জার্সি গায়ে ১৩২ টি-টোয়েন্টি খেলেছেন জ্যোতি, এর ৮০ ম্যাচেই অধিনায়কত্ব করেছেন তিনি।
অধিনায়ক হিসেবে ৮০ ম্যাচে ১৩ ফিফটিতে ১৮৫১ রান করেছেন জ্যোতি। সবমিলিয়ে ১৩২ ম্যাচের ক্যারিয়ারে ১৩ ফিফটি আর ১ সেঞ্চুরিতে ২৭০৯ রান আছে তার।

জ্যোতির অধীনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারায় টাইগ্রেসরা, যেটা এই ফরম্যাটের বিশ্বকাপে ১০ বছরে বাংলাদেশের প্রথম জয়।  টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে এটাই তার সবচেয়ে বড় সাফল্য।

সাম্প্রতিক সময়ে সময়টা মোটেও ভালো যাচ্ছিল না জ্যোতির। গেলো এশিয়া কাপে ভারতের বিপক্ষে হেরে সেমিফাইনাল থেকে বাদ পড়ে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে জ্যোতিও সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। ৪ ম্যাচে ব্যাট হাতে করেছেন মাত্র ৫৬ রান, সর্বোচ্চ ২৩ রান গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

এছাড়া অধিনায়ক হিসেবে নানামুখী সমালোচনার মুখেও ছিলেন জ্যোতি। দলে সিন্ডিকেট তৈরি করা, নিজের বলয়ের বাইরে গেলে নানা হয়রানির অভিযোগও আছে তার বিরুদ্ধে।

এশিয়ান গেমসের পর পুরো দলের পারফর্ম্যান্স ও জ্যোতিকে নিয়ে আলোচনার কথা বলেছিল বিসিবি। তবে তার আগেই জ্যোতি জানিয়ে দিলেন, তিনি টি-টোয়েন্টিতে আর অধিনায়কত্ব করতে চান না।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top