ময়মনসিংহের রাজগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি শাখার সাইনবোর্ডের নিচে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার রাজগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। শাখার নৈশপ্রহরীর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংকের রাজগঞ্জ শাখাটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে একটি ভাড়া বাড়িতে অবস্থিত। আগুন দেওয়ার ঘটনার ২১ সেকেন্ডের একটি ভিডিও আজ ভোররাতে ফেসবুকে পোস্ট করেন উৎপল কর নামের এক ব্যক্তি।
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘হেনার বিয়ে হচ্ছে’। ভিডিওতে ব্যাংকের সাইনবোর্ডের নিচে ও ভবনের সামনের অংশে আগুন জ্বলতে দেখা যায়।
শাখাটির ব্যবস্থাপক কাজী মনিকা দিলশান জানান, রাত আড়াইটার দিকে ব্যাংকের সামনে আগুন দেওয়া হয়। বিষয়টি বুঝতে পেরে নৈশপ্রহরী দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ব্যাংকের সাইনবোর্ডের নিচে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়েছিল। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।




