পিরোজপুরের নেছারাবাদে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান,বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল নেছারাবাদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাপস কুমার ঘোষসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের গুরুত্ব তুলে ধরা হয়।
আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাপস কুমার ঘোষ বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু এবং হাঁস-মুরগি পালন, রোগ প্রতিরোধ ও নিয়মিত টিকাদান নিশ্চিত করার মাধ্যমে খামারিরা উৎপাদন বাড়াতে পারেন। এ ক্ষেত্রে প্রাণিসম্পদ দপ্তর খামারিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।
সভার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের আরও উৎসাহিত করতে হবে। নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি আধুনিক খামার ব্যবস্থাপনায় সবাইকে সচেতন হতে হবে। দেশের পুষ্টি চাহিদা পূরণ ও অর্থনৈতিক সমৃদ্ধিতে এ খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের এ আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা ও গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা ও খামারিদের প্রাণিসম্পদ পালনে আয়োজকরা আগ্রহী করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।




