কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ‘পরিকল্পিত স্বৈরাচার ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্র বাজিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তাঁরা সমাবেশস্থলে জড়ো হন।
সমাবেশে বক্তব্য রাখেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারোয়ার হোসেন লিটন। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৩ তাড়াইল – করিমগঞ্জ আসনের উপনির্বাচনের প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
তিনি বলেন, ড. ওসমান ফারুকের অসুস্থতার কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের পর তাঁর অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করতে চান তিনি। গত ১৭ বছর দলের দুঃসময়ে মাঠে থেকে কাজ করেছেন উল্লেখ করে লিটন আশা প্রকাশ করেন, দল তাঁকে ধানের শীষ প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন দেবে।
পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি তাড়াইল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজদরবারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।




