পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী কর্মসূচির অংশ হিসেবে জেলা কারাগার পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তিনি সরেজমিনে জেলা কারাগার পরিদর্শন করে কারাগারের সার্বিক পরিস্থিতি ও বন্দিদের সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি কারাগারের সার্বিক পরিবেশ, বন্দিদের আবাসন ব্যবস্থা, খাবারের গুণগত মান, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি কারাগারে আটক বন্দিদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
কারাগারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি জেল সুপার ও কারারক্ষীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
এছাড়া বন্দিদের সরবরাহ করা খাবারের মান, স্বাস্থ্যসম্মত আবাসন ব্যবস্থা এবং মানবিক ও নিরাপদ কারা ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন জেলা প্রশাসক।




