কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। মাদ্রাসা শিক্ষার পাশাপাশি কিন্ডারগার্টেন (কেজি) ও ক্যাডেট কলেজের নামে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠায় শিক্ষার্থী সংকটে পড়ছে এলাকার সরকারি, বেসরকারি ও স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এমন পরিস্থিতিতে শিক্ষার মান, প্রতিষ্ঠানের অনুমোদন এবং এসব প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠার ব্যাপারে মাধ্যমিক ও প্রাথমিক কর্মকর্তাগণ অবগত নন|
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় নতুন নতুন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠছে। এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে আকর্ষণীয় প্রতিশ্রুতি ও লোভনীয় অফার দিয়ে শিক্ষার্থী ভর্তি করানোর অভিযোগ রয়েছে। ফলে দীর্ঘদিন ধরে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীসংখ্যা কমে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
অভিযোগ রয়েছে, কিছু প্রতিষ্ঠান মাদ্রাসা, কেজি স্কুল ও ক্যাডেট কলেজের নাম ব্যবহার করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানের অনুমোদন, নিবন্ধন, শিক্ষক নিয়োগ এবং শিক্ষার পরিবেশ নিয়ে যথাযথ তদারকির প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
এলাকাবাসীর দাবি, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে সরকারি নিয়মনীতি অনুসরণ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। বিশেষ করে প্রতিষ্ঠানগুলোর অনুমোদন,ভৌগলিক এলাকা,দুরত্ব, অবকাঠামো, শিক্ষকসংখ্যা এবং পাঠদানের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
এদিকে, এসব শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে অনুমতি দেওয়ার অভিযোগও উঠেছে। তবে এ বিষয়ে চর রাজিবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানান,৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এছাড়া পাঠদানের অনুমোদন করা হয়েছে ৫টি ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান। জেলাতে পাঠানো হয়েছে আরও ২টি প্রতিষ্ঠান। বাকি গুলোর খবর তাদের কাছে নেই।
অপর দিকে মাধ্যমিক পর্যায়ে রয়েছে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান । ইনসাইড মডেল মাদ্রাসা ছাড়া অন্য তথ্য তাদের নিকট নেই| বিষয়টি জানিয়েছেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া|
হাফিজিয়া মাদ্রাসা ও কওমি মাদ্রাসা রয়েছে অধিকাংশ গ্রামে। ফলে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে ঝুঁকে পড়েছে, মাদ্রাসা ও ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষার্থী কমে যাচ্ছে প্রতিষ্ঠান গুলোতে। খোজ খবর নিয়ে দেখা গেছে সদর ইউনিয়নের জাউনিয়ার চর উচ্চ বিদ্যালয় এর দেড় বর্গ কিলো মিটারের মধ্য রয়েছে ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আর ২০টি রয়েছে কওমি,হাফিজিয়া মাদ্রাসা ও প্রিক্যাডেট ও কোচিং সেন্টার |
রাজিবপুর সরকারি উচ্চ বিদ্যালয় এর ১ কিলোমিটারের মধ্য রয়েছে কমপক্ষে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার|
এলাকা বাসীদের অভিযোগ অনেক শিক্ষক/শিক্ষিকা তাদের প্রতিষ্ঠানে (যেখানে চাকুরি করে) সে প্রতিষ্ঠানে না পড়িয়ে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে পড়ান।তাদের দেখাদেখি অনেক অভিভাবক সরকারি ও এমপিওভূক্ত প্রতিষ্ঠান না পড়িয়ে মালিকানাধীন মাদ্রাসা ও কেজি স্কুল গুলোতে পড়াশোনা করান।
এমতাবস্থায় প্রশাসন নজর না দিলে আগামীতে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে কাংখিত শিক্ষার্থী পাবেনা। ফলে বন্ধ হয়ে যেতে পারে অনেক প্রতিষ্ঠান।
এলাকার সচেতন মহলের অভিমত এমনিতেই সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সময় দূরত্ব কে অগ্রাধিকার দেওয়া হয়নি। দেখা গেছে এক মাইলের মধ্যে ৪/৫টি শিক্ষা প্রতিষ্ঠান রযেছে। এর পাশেই গড়ে তোলা হয়েছে ক্যাডেট ও কোচিং সেন্টার। কোচিং ও ক্যাডেট বাণিজ্য লাভ জনক হওয়ায় অনেকেই উক্ত ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে।
শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি, নিয়মিত পরিদর্শন এবং অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।




