গাজীপুরের বোর্ডবাজার এলাকার সুলতান মেডিকেল রোড ও ডিপটি মার্কেট সংলগ্ন চিহ্নিত মাদক স্পটগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করেছে গাছা থানা পুলিশ। মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে পুলিশের এই ঝটিকা অভিযানে স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল স্বস্তি প্রকাশ করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বোর্ডবাজারের ডিপটি মার্কেট এবং সুলতান মেডিকেল রোড এলাকার কিছু নির্দিষ্ট পয়েন্টে মাদকের আসর ও অবৈধ কেনাবেচা চলে আসছে বলে অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানা পুলিশের একটি দল ওই এলাকায় হঠাৎ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালায়।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি দেখতে স্থানীয় সাধারণ মানুষ ও পথচারীদের ভিড় জমে যায়। পুলিশি এই তৎপরতাকে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা জানান, এই এলাকায় মাদকের উপদ্রব বেড়ে যাওয়ায় যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হলে অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে যাবে।
গাছা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। বোর্ডবাজার ও এর আশপাশের এলাকায় মাদক কারবারিদের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের গ্রেফতারে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে।




