কুমিল্লায় ডোবায় মিললো ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের হোস্টেল থেকে নিখোঁজের দুই দিন পর আদনান আলতাফ নামে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) সকালে সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে সোমবার রাতে নিখোঁজ হন আদনান। তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়।

নিহত আদনান আলতাফের বাবার নাম আলতাফ হোসাইন রাথার। তাদের বাড়ি ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার বুনপাড়া, দাঙ্গালপাড়ায়। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাত ১১টা ৩৬ মিনিটে আদনান ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি ইন্ডিয়ান ফুড হোটেলে যান। সেখান থেকে রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন।

ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম জানান, আদনান কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে তার মাকে সঙ্গে রেখে ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছিল। তার নিখোঁজ হওয়ার ঘটনায় বুড়িচং থানায় সাধারণ ডায়রি করা হয়।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ অনেক খোঁজাখুঁজি করে। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে শুনতে পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর বিষয়টি পরিষ্কার হওয়া যাবে বলেও উল্লেখ করেন ওসি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top