বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। এতে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক এম. মুক্তার হোসেন মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের। এ ছাড়া উপস্থিত ছিলেন শেখ নাসিরুদ্দিন, শেখ জেল্লাল হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, টুঙ্গিপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক জেহাদুল ইসলাম বাবুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। যুবদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। দেশ ও দলের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে যুবদলের নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে যুবদলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐক্য, সংগঠনকে শক্তিশালী করা এবং আগামী দিনের রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।




