ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জামায়াত-ছাত্রদলের সংঘর্ষ, আহত ৩

লালমনিরহাটের হাতীবান্ধায় ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে জামায়াতের কর্মী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার সানিয়াজান বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জামায়াতের কর্মী রায়হান ইসলাম (২৭), ছাত্রদল নেতা আলমগীর হোসেন (২৩) ও সাজেদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতের সমর্থক রায়হান কয়েক দিন আগে নিজের ফেসবুক আইডিতে বিএনপি এবং ভিপি নুর ও রাশেদ খানকে নিয়ে একটি পোস্ট দেন। এ নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এর জেরে মঙ্গলবার রাতে সানিয়াজান বাজারে ছাত্রদল নেতা আলমগীরের সঙ্গে রায়হানের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

জামায়াত কর্মী রায়হান অভিযোগ করে বলেন, সন্ধ্যায় তিনি সানিয়াজান বাজারে মসজিদের সামনে চা খাচ্ছিলেন। এ সময় ছাত্রদলের কয়েকজন লাঠিসোঁটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। বিএনপির গঠনমূলক সমালোচনা এবং জামায়াতের রাজনীতি করার কারণে তার ওপর হামলা হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জাহেদুল ইসলাম অভিযোগ করেন, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলমগীর বাজারে বসে চা খাচ্ছিলেন। এ সময় জামায়াতের কর্মীসহ তাদের লোকজন সেখানে এসে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোশাররফ হোসেন বলেন, মঙ্গলবার রাতে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top