‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশ্ব হাতধোয়া দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও হাতধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়।
র্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। র্যালি শেষে অনুষ্ঠিত হাতধোয়া প্রদর্শনীতে সাবান ও নিরাপদ পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে দেখানো হয়। এ সময় ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগজীবাণুর বিস্তার রোধ এবং সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকতে নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলমের নেতৃত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের ডিজিএম সৈকত বড়ুয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী ও জনস্বাস্থ্য কর্মকর্তা প্রদীপ মজুমদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে আয়োজকেরা জানান, সুস্থ ও নিরাপদ জীবনযাপনে সাবান ও নিরাপদ পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিশেষ করে খাবার খাওয়ার আগে, টয়লেট ব্যবহারের পর এবং ময়লা-আবর্জনা স্পর্শ করার পর হাত ধুলে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব। শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকেরা আরও বলেন, হাত ধোয়াকে শুধু দিবসকেন্দ্রিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। পাশাপাশি নিজে সচেতন হওয়ার সঙ্গে সঙ্গে পরিবার ও সমাজের অন্যদেরও সঠিকভাবে হাত ধোয়ায় উদ্বুদ্ধ করতে হবে। এ ধরনের কর্মসূচির মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা চর্চায় মানুষের সচেতনতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তাঁরা।




