ঝিনাইদহের শৈলকুপায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল গৃহকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে লুট করেছে নগদ টাকা ও স্বর্ণালংকার। গেল রাত ৩ টার দিকে উপজেলার বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাত ৩ টার দিকে ওই গ্রামের সৌদি প্রবাসী বাধন মোল্লা বাড়িতে প্রবেশ করে অস্ত্রধারী একদল ডাকাত। তারা জানালা দিয়ে প্রথমে বাধনের পিতা মাসুম মোল্লাকে অস্ত্রের মুখে জিম্মি করে দরজা খুলতে বলে। দরজা খুললে পরে তাকে খুটির সাথে বেঁধে ঘর থেকে নগদ ৫ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। সকালে প্রতিবেশীরা এসে তাকে খুটির সাথে বাধা অবস্থায় দেখে পুলিশের খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ডাকাতির ঘটনাটি একটু সন্দেহ আছে। কারণ মাসুম মোল্লার কাছে অনেকে টাকা পাবে। এই জন্য সে নাটক সাজিয়ে ডাকাতি বলার চেস্টা করছে বলে সন্দেহ করছি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান। বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।




