মানিকগঞ্জ সদর উপজেলায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে তিনটি সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

শনিবার (২৪ অক্টোবর) সকালে গড়পাড়া ইউনিয়ন পরিষদের সামনে ফলক উন্মোচনের মাধ্যমে এসব উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় বাস্তবায়ন হতে যাওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে তরা থেকে গিলন্ড বাজার পর্যন্ত ১ হাজার ৭০০ মিটার এবং গড়পাড়া ইউনিয়ন পরিষদ থেকে চান্দহর বাজার পর্যন্ত ১ হাজার ৪৮০ মিটার সড়কে ইউনি ব্লক স্থাপন। পাশাপাশি গিলন্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গিলন্ড ঈদগাহ মাঠ পর্যন্ত ১ হাজার মিটার সড়কের রক্ষণাবেক্ষণকাজ করা হবে।

তিনটি সড়কের মোট দৈর্ঘ্য ৪ হাজার ১৮০ মিটার। প্রকল্পগুলোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজের চুক্তিমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।

উদ্বোধন অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন করা হবে। জনগণের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়নে সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, এসব সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজ শেষ হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। একই সঙ্গে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য পরিবহনেও সুবিধা বাড়বে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল এবং এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মো. কামরুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top