‘পাপের লাশ বাংলাদেশে আসুক, তা চাই না’—মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইলেন এমপি রতন

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের ঘটনা নিয়ে টেলিভিশন টক শোতে দেওয়া বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান রতন। একই সঙ্গে নিজের বক্তব্য প্রত্যাহার করেছেন তিনি। ওই মন্তব্যে নিহত ব্যক্তিদের স্বজন ও প্রবাসী বাংলাদেশিরা কষ্ট পেয়ে থাকলে তাঁদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন এই সংসদ সদস্য।
গত সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করেন কামরুজ্জামান রতন।
বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, সম্প্রতি স্টার নিউজের একটি টক শোতে সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা নিয়ে আলোচনার সময় আবেগের বশে তিনি বলেছিলেন, ‘আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক, তা চাই না।’
নিজের ওই মন্তব্যকে অনুচিত উল্লেখ করে কামরুজ্জামান রতন বলেন, এমন বক্তব্য দেওয়া তাঁর একেবারেই ঠিক হয়নি। এ জন্য তিনি মন্তব্যটি সম্পূর্ণভাবে প্রত্যাহার করছেন। একই সঙ্গে তাঁর বক্তব্যে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন ও প্রবাসী বাংলাদেশিদের মনে যে কষ্ট ও আঘাত লেগেছে, সে জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, মানুষ ভুল করতেই পারে। তবে ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার সুযোগ মহান আল্লাহর একটি বিশেষ নেয়ামত। নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তিনি আবারও ক্ষমা চান।
স্টার নিউজের অনলাইনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার (১৭ অক্টোবর) রাতে স্টার নিউজের টক শো ‘কড়া আলাপ’-এ ‘সৌদিতে মৃত্যুদণ্ড ও আমাদের কূটনীতির ব্যর্থতা’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা প্রসঙ্গে ওই মন্তব্য করেন কামরুজ্জামান রতন। পরবর্তী সময়ে তাঁর বক্তব্য ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়।
এ পরিস্থিতিতে নিজের বক্তব্যকে অনুচিত স্বীকার করে তা প্রত্যাহার এবং দুঃখ প্রকাশের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেন এই সংসদ সদস্য।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top