রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়কে কেবল গতানুগতিক চার দেয়ালের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং একটি প্রকৃত সুশিক্ষার আদর্শ কেন্দ্র হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম জামাল।
তিনি বলেন, “গতানুগতিক সনাতনী শিক্ষা দিয়ে আজকের যুগের শিক্ষার্থীদের উপযোগী করা সম্ভব নয়। এই বিদ্যালয়টি যেন মুখস্থবিদ্যার কেন্দ্র না হয়ে সৎ, দক্ষ ও নৈতিক গুণসম্পন্ন নাগরিক তৈরির একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত হয়—সেই লক্ষ্যে আমাদের সকল ইতিবাচক কার্যক্রম অব্যাহত রাখতে হবে।”
বিদ্যালয়ের সার্বিক মান উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে আধুনিকতার ছোঁয়া আনতে সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরো উল্লেখ করেন যে, শিক্ষার পরিবেশ রক্ষা এবং আধুনিক শিক্ষার সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা বজায় থাকবে।
সংসদ সদস্যের এই দিকনির্দেশনামূলক বক্তব্যে স্থানীয় অভিভাবক ও সুধীমহলের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, যৌথ প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি ঝালকাঠি জেলার অন্যতম সেরা ও যুগোপযোগী নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে।




