সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ড এবং মসজিদের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বশির ও সিতি আক্তার। বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আজেল নিউজ জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সৌদি নিরাপত্তা বাহিনী তাঁদের আটক করে। পরবর্তী সময়ে তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগ আনা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাঁদের মৃত্যুদণ্ডের রায় দেন। রায় চূড়ান্ত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে তা কার্যকর করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, পবিত্র স্থান ও মসজিদের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ইসলামি আইন বাস্তবায়নে সৌদি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পবিত্র স্থানের মর্যাদা ক্ষুণ্ন করা কিংবা সেখানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তথ্যসূত্র: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ও দেশটির সংবাদমাধ্যম আজেল নিউজ।




