কড়া নিরাপত্তা ব্যবস্থায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে নিষিদ্ধ সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- পুলিশ, বিজিবি ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা। এর আগে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকে বেনাপোল চেকপোস্ট ও সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতার রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৯ অক্টোবর) তিনি মারা যান। এর আগে ২০২৪ সালের ১৯ আগস্ট পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হরিদাসপুর স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন রোটন। এরপর চিকিৎসার জন্য তিনি কলকাতায় অবস্থান করছিলেন।
মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।




