ঝালকাঠিতে শুরু মা ইলিশ সংরক্ষণ অভিযান, ২২ দিন নদীতে মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদ নিষিদ্ধ

 ঝালকাঠিতে শুরু হয়েছে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে বৃহস্পতিবার (৮ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময়ে জেলার নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদ নিষিদ্ধ থাকবে।
নিষেধাজ্ঞা কার্যকর করতে অভিযানের প্রথম দিন জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সুগন্ধা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ।
অভিযানকালে ইউএনও সেগুফতা মেহনাজ বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরা, পরিবহন, বিক্রি বা মজুদ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক বলেন, নিষেধাজ্ঞার সময়ে জেলেদের সহায়তা হিসেবে জেলার ৪ হাজার ২০০ জেলে পরিবারের মধ্যে ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় এ সময়ে নদীতে মাছ ধরা থেকে বিরত থাকতে জেলেদের প্রতি আহ্বান জানান তিনি।
জেলা মৎস্য দপ্তর ও প্রশাসন সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা কার্যকর রাখতে ঝালকাঠির বিভিন্ন নদ-নদীতে নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হবে। মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করে ইলিশের উৎপাদন বাড়াতে নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছে প্রশাসন।
অভিযানে জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা ও ঝালকাঠি নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top