হাতে স্মার্টফোন আর চারপাশজুড়ে প্রযুক্তির ব্যস্ততা—এই দৃশ্য এখনকার চেনা ছবি। তবে এই আধুনিকতার ভিড়েই বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ঝালকাঠির রাজাপুর। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শুরু হয়েছে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব।
শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন রাজাপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সংগঠক ও সাংবাদিক হিরণ তালুকদার, সাংবাদিক শহিদুল ইসলাম এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ জান্নাতুল নাঈম। এ সময় স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার বইপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সার্বিক সহযোগিতা করছে রাজাপুর উপজেলা প্রশাসন। মেলায় বিভিন্ন ধরনের মানসম্মত বইয়ের পাশাপাশি প্রতিদিন থাকছে আকর্ষণীয় সাংস্কৃতিক আয়োজন।
বইপ্রেমী ও দর্শনার্থীদের জন্য মেলার স্টলগুলো প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। আগামী ৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত এই মেলা চলবে। প্রযুক্তির যুগে তরুণ প্রজন্মকে ফের বইমুখী করতে এ ধরনের আয়োজন প্রশংস কুড়াচ্ছে স্থানীয় সচেতন মহলের।




