হুইল এখন নারীর হাতে: রাজাপুরে ব্র্যাকের ব্যতিক্রমী ড্রাইভিং প্রশিক্ষণ শুরু

রান্নাঘর থেকে রাজপথ—পেশার বৃত্ত ভেঙে এবার স্টিয়ারিংয়ে হাত রাখছেন রাজাপুরের নারীরা। প্রচলিত ধ্যানধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে ‘যুবদের সফল ভবিষ্যতের জন্য দক্ষতাই হোক শক্তি’ এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে শুরু হয়েছে পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ।

​বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি সভাকক্ষে আয়োজিত পরিচিতি সভার মধ্য দিয়ে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের (প্রগতি) কর্মসূচি হিসেবে এই যুগান্তকারী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুগের সাথে তাল মিলিয়ে নারীরা আজ সব বাধা পেরিয়ে বহুমুখী পেশায় নিজেদের যুক্ত করছেন। তবে পেশাদার ড্রাইভিংয়ের মতো চ্যালেঞ্জিং খাতে নারীদের অংশগ্রহণ সমাজ পরিবর্তনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা কেবল একটি নতুন দক্ষতা অর্জনই করবেন না, বরং চাকরির পাশাপাশি আত্মকর্মসংস্থানের এক বিশাল দ্বার উন্মোচিত হবে।

​জানা গেছে, এই বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীদের যানবাহন চালনার তাত্ত্বিক ও ব্যবহারিক খুঁটিনাটি বিষয়ের পাশাপাশি ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা এবং একজন পেশাদার চালকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে।

​অনুষ্ঠানে ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন হাছানাইন আহমেদ, রহিম রেজা, রফিকুল ইসলাম, সৈয়দ হোসাইন আহম্মেদ কামাল, মোসা. স্বর্ণা এবং কামরুল ইসলাম রানা প্রমুখ।

​বক্তারা আরও আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে নারীরা কেবল আত্মনির্ভরশীলই হবেন না, বরং পরিবার ও সমাজে তাদের অর্থনৈতিক ভূমিকা আরও বেশি সুসংহত হবে। পিতৃতান্ত্রিক ধারণার দেয়াল ভেঙে রাজাপুরের নারীরা একদিন সড়ক কাঁপাবেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এমনটাই প্রত্যাশা আয়োজক ও স্থানীয় সুধীমহলের।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top