পলিথিন টানিয়ে টিকে আছে ব্যবসা, সংস্কারের অপেক্ষায় কালিগঞ্জের বাঁশতলা বাজারের ছাউনি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজারের কাঁচা বাজারের ছাউনির বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ছাউনির বিভিন্ন অংশ ভেঙে গেছে। কোথাও টিন নেই, আবার কোথাও টিনে মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। ফলে রোদ-বৃষ্টি থেকে পণ্য ও নিজেদের রক্ষা করতে অনেক ব্যবসায়ী পলিথিন টানিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, কাঁচা বাজারের ছাউনির বিভিন্ন স্থানে টিন উড়ে গিয়ে খোলা অবস্থায় রয়েছে। কোথাও আবার টিনে জং ধরে নষ্ট হয়ে গেছে। বৃষ্টি হলে ছিদ্র ও ভাঙা অংশ দিয়ে দোকানের ভেতরে পানি পড়ে। বাধ্য হয়ে ব্যবসায়ীরা পলিথিন দিয়ে অস্থায়ীভাবে ছাউনি তৈরি করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েক বছর ধরে বাজারের ছাউনির এমন বেহাল অবস্থা। বৃষ্টি হলেই দোকানের ভেতরে পানি পড়ে। বারবার পলিথিন দিয়ে অস্থায়ীভাবে সমস্যার সমাধান করা হলেও স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। দ্রুত ছাউনিটি সংস্কার করে ব্যবসায়ীদের স্বাভাবিক পরিবেশে ব্যবসা করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এদিকে বাঁশতলা বাজারের পানি নিষ্কাশনের ড্রেনের অবস্থাও অত্যন্ত নাজুক পড়েছে।দীর্ঘদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা না থাকায় ড্রেন প্রায় অকার্যকর হয়ে পড়েছে। বিভিন্ন দোকানের বর্জ্য, পলিথিন, পল্টি ও মুরগির বর্জ্যসহ নানা ধরনের আবর্জনা ড্রেনে ফেলার কারণে । এতে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে বাজারে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হচ্ছে।
ব্যবসায়ীদের অভিযোগ, ড্রেন পরিষ্কার না হওয়া এবং বর্জ্য ফেলার কারণে পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। বাজারের পরিবেশ ও ব্যবসায়ীদের স্বার্থে দ্রুত ছাউনি সংস্কার, ড্রেন পরিষ্কার এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বাঁশতলা বাজার বণিক সমিতির সভাপতি জয়দেব কুমার বিশ্বাস বলেন, “সরকারি বরাদ্দ এসেছে শুনেছি। কাজ হবে, তবে একটু সময় লাগতে পারে।”
স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত বরাদ্দের অর্থ কাজে লাগিয়ে কাঁচা বাজারের ছাউনি সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top