কালিগঞ্জ ফতেপুর মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ,৪ লাখ টাকার মাছ নিধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ফতেপুর এলাকায় একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শনিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ঘের মালিক নূর হোসেন। ঘটনায় এলাকায় মৎস্যচাষিদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
ঘের মালিক নূর হোসেন জানান, তার মৎস্য ঘেরে মোট ৯টি মাছের পয়েন্ট রয়েছে। এর মধ্যে একটি পয়েন্টে গভীর রাতে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করেছে বলে তিনি অভিযোগ করেন। বিষ প্রয়োগের পর ওই পয়েন্টে থাকা প্রায় ৪০ হাজার চিংড়ি ও ভেনামি চিংড়িসহ প্রায় ২৫ হাজার মাছ মারা গেছে বলে জানান তিনি।তার দাবি, বিষ প্রয়োগের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত মাছের পয়েন্ট পরিদর্শনে আসেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহম্মাদ আলী শাহাজী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, জামায়াত নেতা রেজাউল শাহাজি ও আকবর গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ। তারা ঘটনাটি সরেজমিনে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ঘের মালিকের সঙ্গে কথা বলেন।এ ঘটনায় স্থানীয় মৎস্য চাষিদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। মৎস্য ঘেরে বিষ প্রয়োগের মতো ঘটনায় দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
ঘের মালিক নূর হোসেন ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও আইনগত ব্যবস্থা কামনা করেছেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top