ইন্দোনেশিয়া চলন্ত ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের প্রাণহানি, নিখোঁজ ৪১

ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে একটি ফেরিতে আগুন লাগার ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৪১ জন। রোববার (২ আগস্ট) স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু।

ফেরিটিতে যাত্রী ও ক্রুসহ মোট ২৭১ জন ছিলেন। এটি পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওসি প্রদেশের মাকাসারের দিকে যাচ্ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ২২৫ জনকে উদ্ধার করা হয়েছে। আগুন থেকে বাঁচতে কয়েকজন যাত্রী সমুদ্রে ঝাঁপ দেন। তাদেরসহ ফেরিতে থাকা অন্য যাত্রীদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল।

সুরাবায়া অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধান নানাং সিগিত জানান, কাছাকাছি থাকা বেশ কয়েকটি জাহাজ উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। তিনি বলেন, ফেরিটি সবচেয়ে কাছের স্থলভূমি বুরুআন সাপুদি দ্বীপ থেকে প্রায় ১৯ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ফেরিটির ওপরের ডেক থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। আগুন দ্রুত ফেরিটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ার দৃশ্যও দেখা গেছে ভিডিওতে। এছাড়া লাইফ জ্যাকেট পরা কয়েকজন যাত্রীকে ফেরিটির এক পাশে জড়ো হয়ে থাকতে দেখা যায়। তবে ফেরিটিতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top