রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পৌর শহরের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ে জড়ো হন। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
এ সময় ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, রাতের কোনও একসময় দুর্বৃত্তরা কার্যালয়ের প্রবেশপথের কেঁচিগেটে আগুন ধরিয়ে দেয়। কার্যালয়ের ভেতরেও কেরোসিন ছিটিয়ে রাখা হয়েছিল বলে তারা দাবি করেন। আগুনে গেটের পাশাপাশি কার্যালয়ের কিছু ব্যানার ও লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল বলেন, জেলা বিএনপির কার্যালয়টি পরিকল্পিতভাবে পুড়িয়ে দেওয়ার জন্য একটি মহল এ ঘটনা ঘটিয়েছে। আমাদের ছেলেরা ও কেয়ারটেকার রাত ১টা পর্যন্ত কার্যালয়ে ছিলেন। তারা চলে যাওয়ার পরই এ ঘটনা ঘটানো হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল পার্টি অফিসটি জ্বালিয়ে দেওয়া। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেবো।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, জেলা বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। এসে দেখি কেরোসিন দিয়ে আগুন লাগানো হয়েছে। যেই হোক না কেন, আমরা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনব। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণেও কেরোসিন দিয়ে আগুন লাগানোর কথা উঠে এসেছে।




