ঝালকাঠির রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া অভিযোগ এবং ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণ ও রাজাপুর বাইপাস মোড় এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্যে শিক্ষার্থীরা দাবি করে, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাফল্য, সুনাম ও প্রশাসনিক দক্ষতা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে স্বার্থান্বেষী একটি মহল দীর্ঘদিন ধরে নানামুখী ষড়যন্ত্র করে আসছে। অতি সম্প্রতি প্রধান শিক্ষকের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চালানো হচ্ছে, যা বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে।
শিক্ষার্থীরা আরও বলে, “আমাদের প্রধান শিক্ষক মহোদয় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা ও সার্বিক অবকাঠামোগত অগ্রগতিতে সততার সাথে কাজ করে যাচ্ছেন। তাঁর বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগের পেছনে যারা কলকাঠি নাড়ছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। শিক্ষকের সম্মানহানি করে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নষ্ট করার এ ধরনের চক্রান্ত আমরা কোনোভাবেই মেনে নেব না।”
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা এক প্রতিবাদ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ বিষয়ে স্থানীয় অভিভাবকরাও শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির প্রতি সংহতি প্রকাশ করেন এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান।




