রংপুর থেকে গরু কিনে ফেরার পথে ডাকাতের হামলায় সেনবাগের ব্যবসায়ী নিহত, আটক ১

নোয়াখালীর সেনবাগে রংপুর থেকে গরু কিনে ট্রাকযোগে ফেরার পথে ডাকাত দলের হামলায় মোঃ রাকিব (৩০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ডাকাত দলের সদস্য সন্দেহে আশাদুল (২৮) নামে একজনকে আটক করে সেনবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন ট্রাকে থাকা অপর ব্যবসায়ী অলি উল্লাহ। নিহত রাকিব সেনবাগ উপজেলার ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইয়ারপুর গ্রামের মনির উদ্দিন পণ্ডিত বাড়ি, প্রকাশ শেখ আহম্মদ মিয়ার বাড়ির সরাফত আলীর ছেলে। জানা যায়, গত ৩০ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলা থেকে রাকিব ও তার ব্যবসায়িক সহযোগী অলি উল্লাহ গরু কিনে ট্রাকযোগে সেনবাগের উদ্দেশে রওনা হন। পথে পূর্বপরিচিত রংপুরের কাউনিয়া উপজেলার আমজাদ হোসেনের ছেলে আশাদুল (২৮) ও তার ভগ্নিপতি সোহেল সেনবাগে আসার কথা বলে ওই ট্রাকে ওঠেন। এ সময় সোহেল ও রাকিব ট্রাকের পেছনে গরুর সঙ্গে এবং অন্যরা চালকের কেবিনে অবস্থান করেন।
ট্রাকটি সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অতিক্রম করে গাজীপুর এলাকায় পৌঁছালে যাত্রাবিরতি দিয়ে চা-নাশতা খাওয়ার প্রস্তুতি নেওয়া হয়। এ সময় রাকিব ও সোহেলকে নামতে বলা হলে তাদের কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সোহেল কৌশলে পালিয়ে যায় এবং রাকিবের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় সন্দেহভাজন আশাদুলকে আটক করে সেনবাগে নিয়ে আসেন অলি উল্লাহ।
অন্যদিকে, গাজীপুর হাইওয়ে পুলিশ কোনাবাড়ী এলাকা থেকে রাকিবের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে মরদেহ দাফন করা হয় বলে জানা গেছে। রোববার (১ নভেম্বর) রাকিবের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের দাবি জানিয়েছেন স্বজনরা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক না পেয়ে অপেক্ষায় স্বাস্থ্যমন্ত্রী, ২ নার্সের বদলির নির্দেশ

 মাদারীপুরের কালকিনি উপজেলা  ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা পরিদর্শনে আসেন

Scroll to Top