রাজধানীর মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চলাচল বন্ধের হুঁশিয়ারির প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন অটোরিকশা চালকেরা। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে চালকেরা মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবস্থান নেন। এতে মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সড়ক ও সেতুমন্ত্রীর তিন দিনের মধ্যে ঢাকা শহরে অটোরিকশা চলাচল বন্ধ করার হুঁশিয়ারির প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানা গেছে।
অবরোধে অংশ নেওয়া অটোরিকশাচালক ইমাম হোসেন বলেন, সড়কে তাঁদের গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না এবং বিভিন্ন কারণে গাড়ি ডাম্পিং করা হচ্ছে। ইউটার্ন নেওয়ার সময়ও গাড়ি আটক করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, গাড়ি ছাড়ানোর কাগজ হাতে থাকার পরও নির্ধারিত সময়ে গাড়ি ফেরত দেওয়া হচ্ছে না।
ইমাম হোসেন আরও বলেন, অনেক চালক ঋণ নিয়ে গাড়ি কিনেছেন। গাড়ি আটকে থাকায় তাঁদের আয় বন্ধ হয়ে যাচ্ছে এবং ঋণের কিস্তি পরিশোধ করাও কঠিন হয়ে পড়ছে। এতে তাঁদের পরিবার নিয়ে আর্থিক সংকটের মুখে পড়তে হচ্ছে। এসব সমস্যার প্রতিবাদেই তাঁরা রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।
অন্যদিকে, অটোরিকশাচালক রবিউল আলম বলেন, পুরো ঢাকা শহরে গাড়ি চালানোর দাবি তাঁদের নয়; বরং নির্ধারিত সড়কে অটোরিকশা চলাচলের সুযোগ চান তাঁরা। তাঁর অভিযোগ, মিরপুর রোডে অটোরিকশা চলাচল করতে দেওয়া হয় না এবং চালকেরাও সেখানে যান না। কিন্তু বর্তমানে ধানমন্ডি রোডেও চলাচল করতে গেলে গাড়ি ডাম্পিং করা হচ্ছে।
চালকদের দাবি, নির্ধারিত সড়কে অটোরিকশা চলাচলের সুযোগ নিশ্চিত করা এবং আটক করা গাড়িগুলো দ্রুত ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে।
অবরোধের কারণে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।




