চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি ও টেম্পুর ভাড়া নির্ধারণ এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে উপজেলা প্রশাসন, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ও টেম্পু শ্রমিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে টেম্পুর ভাড়া নিয়ে যাত্রীদের অসন্তোষ ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির স্থানীয় নেতৃবৃন্দের অনুরোধে উপজেলা প্রশাসন এ বৈঠকের উদ্যোগ নেয়।
বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং পৌর প্রশাসক কানিজ ফাতেমা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি অধীর বড়ুয়া, সমিতির নেতা ও সাংবাদিক শাহ আলম বাবলু, টেম্পু শ্রমিক সমিতির স্থানীয় শাখার সভাপতি মোহাম্মদ হারুন, সাধারণ সম্পাদক মো. নুরুল আবসার, সাংবাদিক মুজাহিদুল ইসলাম, শিলাব্রত বড়ুয়াসহ অর্ধশতাধিক যাত্রী, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক জানান, টেম্পুতে যাত্রী ওঠানামার ক্ষেত্রে ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিগত বছরের ভাড়ার তালিকা অনুযায়ী কানুনগোপাড়া, শাকপুরা ও মিলিটারি পুল হয়ে নগরীর চান্দগাঁও বাস টার্মিনালসহ বিভিন্ন গন্তব্যের ন্যূনতম ভাড়া নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, নির্ধারিত ভাড়ার তালিকা প্রণয়ন করে প্রতিটি টেম্পুতে যাত্রীদের দৃশ্যমান স্থানে টাঙিয়ে দেওয়া হবে। সকাল থেকে রাত পর্যন্ত এ ভাড়া কার্যকর থাকবে।
নির্ধারিত ভাড়ার তালিকা অমান্য করে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইউএনও।