চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমাকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করেছে সরকার। সোমবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কানিজ ফাতেমাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। কানিজ ফাতেমার পাশাপাশি চট্টগ্রামের চন্দনাইশ, লোহাগাড়া ও রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, মং এছেন ও অংছিং মারমাকেও প্রত্যাহার করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। রাউজানের এসিল্যান্ড অংছিং মারমাকে সহকারী কমিশনার এবং অপর তিন কর্মকর্তাকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে।
চট্টগ্রামের চার কর্মকর্তার পাশাপাশি দেশের বিভিন্ন উপজেলার মোট ৬৮ জন সহকারী কমিশনার (ভূমি) কে প্রত্যাহার করা হয়েছে। তবে তাদের পরবর্তী নির্দিষ্ট কর্মস্থল বা পদায়নের বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু জানানো হয়নি।




