হাঁটতে পারেন না, চলাফেরায় অন্যের ওপর নির্ভর করতে হয়—এমন অসহায় ও দুঃস্থ মানুষের মুখে স্বস্তির হাসি ফুটেছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে উপজেলা পরিষদ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পাঁচবিবি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অসহায়, দুঃস্থ ও দরিদ্র পরিবারের মাঝে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আল মামুন মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামসুল ইসলাম, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা রিপন হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুবিধাভোগীদের অভিভাবকরা।
হুইলচেয়ার হাতে পেয়ে সুবিধাভোগীরা ও তাদের স্বজনরা উপজেলা পরিষদ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, অসহায় মানুষের চলাচলের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



