নওগাঁর পোরশায় ৬৪০ গ্রাম হেরোইনসহ মনিরুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৪ অক্টোবর) গভীর রাতের
দিকে উপজেলার নিতপুর বিওপির দায়িত্বপূর্ণ কাপালির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ঢাকাগামী ‘সোনারতরী’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের অভিযোগে মনিরুল ইসলামকে আটক করা হয়।
আটক মনিরুল ইসলাম নওগাঁর সাপাহার উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
১৬ বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।




