নওগাঁর মহাদেবপুরে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

নওগাঁর মহাদেবপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মহাদেবপুর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে নওগাঁ জেলা গোয়েন্দা শাখার একটি দল।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম মহাদেবপুর উপজেলার ভবানীনগর গ্রামে মাতাজী-ফতেহপুরগামী পাকা সড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে মো. আবুল কালাম আজাদের (৪২) হাতে থাকা একটি ব্যাগ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তার আবুল কালাম আজাদ মহাদেবপুর উপজেলার কালনাকাটা পশ্চিমপাড়ার গজির উদ্দিনের ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ধামইরহাট উপজেলার কৈগ্রামের মনছুর আলীর ছেলে আনোয়ার হোসেনের (৪৩) কাছ থেকে গাঁজা সংগ্রহ করে ধামইরহাট উপজেলার কুলফতপুর গ্রামের মৃত আয়েজ আলীর ছেলে কামাল হোসেনের (৫৫) সহায়তায় বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন বলে পুলিশের দাবি।
পরে আবুল কালাম আজাদ ও কামাল হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের দল মহাদেবপুরের মাতাজী হাট এলাকা থেকে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top