শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে পৃথকভাবে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং পূজা উদযাপনের পরিবেশ পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ইউএনও সানজিদা রহমান বলেন, “শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হচ্ছে। পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকলের সহযোগিতায় ঈশ্বরগঞ্জে সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।”
অন্যদিকে, একই দিন রাতে রাত ৯টা ২০ মিনিটের দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমন।
পরিদর্শনকালে তিনি মণ্ডপে দায়িত্ব পালনরত টহল পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যদের সতর্ক অবস্থায় দেখতে পান। এ সময় পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলে মণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের চলাচল এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, “শারদীয় দুর্গাপূজাকে ঘিরে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার-ভিডিপি ও স্বেচ্ছাসেবীরা সতর্ক অবস্থানে রয়েছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।”
তিনি আরও বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে পূজা উদযাপন কমিটির সদস্য, স্বেচ্ছাসেবী ও দর্শনার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি যেকোনো সমস্যায় দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।
প্রশাসন ও পুলিশের পৃথক পরিদর্শনের পাশাপাশি ঈশ্বরগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তায় পুলিশ, আনসার-ভিডিপি ও স্বেচ্ছাসেবীদের দায়িত্ব পালন অব্যাহত রয়েছে। পূজা চলাকালে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয় করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।




