ঐতিহ্যবাহী ত্রিশাল সরকারি নজরুল একাডেমি ( সাবেক দরিরামপুর হাই স্কুল) এর শতবর্ষ উদযাপন উপলক্ষে ত্রিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। শতবর্ষ উদযাপনকে সফল ও সুন্দর করে তোলার লক্ষ্যে আয়োজিত এই সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক সাবেক সিভিল সার্জন ডা. মাহবুবুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব মশিউর রহমান দীপক, প্রচার উপকমিটির আহবায়ক অধ্যাপক বজলুর করিম শাহিন, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, শতবর্ষ উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক ইমতিয়াজ আহমেদ পিনাকী, আব্দুল্লাহ আল মাসুদ শিহাব, রেজিস্ট্রেশন উপকমিটির আহবায়ক আব্দুর রশিদ, যুগ্ম আহবায়ক বেলাল উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ত্রিশাল সরকারি নজরুল একাডেমি (সাবেক দরিরামপুর হাই স্কুল) এই অঞ্চলের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শতবর্ষ পূর্তি উৎসবকে আনন্দদায়ক, বর্ণাঢ্য ও সফল করতে দলমত নির্বিশেষে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে উৎসবের প্রচার-প্রচারণা এবং সার্বিক ব্যবস্থাপনায় সাংবাদিকদের সৃজনশীল মতামত ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তারা।
পরে শতবর্ষ উদযাপনের সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উদযাপন কমিটির নেতৃবৃন্দ।




