টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
শনিবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় পর্যায়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিএনপির নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ বিশ্বাস, পল্লী বিদ্যুতের ডিজিএম সৈকত বড়ুয়া, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহমুদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির শেখ, পৌর বিএনপির সভাপতি মোল্লা ইমদাদ, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক ডা. আবু জাফর, টুঙ্গিপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি ডা. একরাম হোসেন, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসাদুজ্জামান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবনকৃষ্ণ চোকিদার, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী ও পৌর সহকারী প্রকৌশলী ইমরান হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এ ছাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সমাজসেবকরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশক নিধন কার্যক্রমের ওপর নির্ভর করলে হবে না; এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে কোনো স্থানে যেন দীর্ঘ সময় পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
সরকার ঘোষিত কর্মসূচির আওতায় প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি এডিস মশার লার্ভা উৎপাদনের সম্ভাব্য স্থান চিহ্নিত করে তা ধ্বংস করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ভিডিও কনফারেন্সের অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এ সময় কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top