উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এম এ হেলাল এবং সাধারণ সম্পাদক পদে গোলাম মর্ত্তুজা শিপলু বিজয়ী হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) জয়পুরহাট বাস টার্মিনাল প্রাঙ্গণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে শনিবার রাত ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ মিটুল চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে এম এ হেলাল ১৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সরদার আব্দুল হাফিজ পেয়েছেন ৯২৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে ২৮ ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন গোলাম মর্ত্তুজা শিপলু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলাম হোসেন টুটুল পেয়েছেন ৬৭৫ ভোট। প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ মিটুল জানান, এবারের নির্বাচনে মোট ৪ হাজার ৭২১ জন ভোটারের মধ্যে ৩ হাজার ৬৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট প্রদত্ত ভোটের হার ৭৭ শতাংশ।
এ নির্বাচনে বিভিন্ন পদে মোট ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন, কার্যকরী সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৫ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ৩ জন, সড়ক সম্পাদক পদে ৭ জন, প্রচার সম্পাদক পদে ২ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন, সমাজকল্যাণ সম্পাদক পদে ২ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১৭ জন প্রার্থী লড়াই করেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল হামিদ মিটুল, নির্বাচন কমিশনার এম এ ওয়াহাব, কাজী মনজুরে মওলা পলাশ, আনিছুর রহমান লিটন, বাবুল করিম, শফিকুল ইসলাম, অ্যাডভোকেট মামুনুর রশীদ, প্রকৌশলী গোলাম কবির, সাজ্জাদ হোসেন।




